শিরোনাম

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে পূর্বাচল

বিশেষ প্রতিনিধি
ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে পূর্বাচল
ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার সুবিধার্থে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অধীনে থাকা এ প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পটি বর্তমানে ৩টি ভিন্ন জেলার অধীনে থাকায় প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে সেখানে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম অপর্যাপ্ত ছিল এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে নাগরিক সেবাগুলোর প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। এ ছাড়া প্রকল্প এলাকাটি ঢাকা সিটি করপোরেশনভুক্ত না হওয়ায় দীর্ঘ সময় ধরে সেখানে ওয়াসার সেবা পাওয়াও সম্ভব হয়নি।

এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে পূর্বাচল নতুন শহর এলাকায় জন্ম ও মৃত্যুনিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ বা সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণের মতো অতি প্রয়োজনীয় নাগরিক সেবাগুলো নিশ্চিত করতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রকল্প এলাকায় বসবাসকারী নাগরিকদের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশি তৎপরতা নিশ্চিত করতে পুরো এলাকাকে এখন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাভুক্ত করা হবে।

পাশাপাশি এ এলাকায় কার্যকর ও সুষ্ঠু পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পুরো প্রকল্পটি ঢাকা ওয়াসার অধিক্ষেত্রাধীন করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। সার্বিক নাগরিক সুবিধাদি সম্প্রসারণ এবং সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সংশ্লিষ্ট অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করাকে যৌক্তিক বিবেচনা করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এসব প্রস্তাবে মন্ত্রিসভা নীতিগত অনুমোদন প্রদান করেছে।

/এমএকে/