শিরোনাম

আবারও পাকিস্তান যাচ্ছেন আরাঘচি

সিটিজেন ডেস্ক
আবারও পাকিস্তান যাচ্ছেন আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

ওমান সফর শেষে আবারও পাকিস্তানে ফিরবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি বার্তাসংস্থা মেহের নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে তার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে এবং পাকিস্তান সফর শেষ করে তিনি রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন।

এর আগে গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে একটি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে এলেও কোনো সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়ায় শনিবার তিনি ওমানের উদ্দেশে যাত্রা করেছিলেন। মূলত ইসলামাবাদে অবস্থানের সময় যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনার একটি সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। তেহরানের ভাষ্যমতে মার্কিন দাবিগুলো ছিল মাত্রাতিরিক্ত, অন্যদিকে ইরান যে শর্তগুলো দিয়েছে সেগুলোকে অগ্রহণযোগ্য বলে নাকচ করে দিয়েছে ওয়াশিংটন।

এমন অচলাবস্থার মধ্যেও পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার ফলে কূটনীতির দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আরাঘচি। এদিকে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসা প্রতিনিধি দলটি সরকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শের জন্য ইরানে ফিরে গেলেও, আরাঘচি ইসলামাবাদে পৌঁছানোর পর তারাও পুনরায় সেখানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আরাগচির সরাসরি কোনো বৈঠকের সম্ভাবনা আপাতত নেই বলেই জানা গেছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/