শিরোনাম

‘ভুল গোয়েন্দা তথ্য’ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
 ‘ভুল গোয়েন্দা তথ্য’ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

যুক্তরাষ্ট্রকে বারবার ‘ভুল হিসাব’ ও ‘গোয়েন্দা ব্যর্থতা’ সম্পর্কে সতর্ক থাকতে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ওয়াশিংটনকে এ হুঁশিয়ারি দেন। তিনি জানান, ভুল গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার কারণে যুক্তরাষ্ট্র অতীতে যেমন ভুল করেছে, তেমনই এবার হরমুজ প্রণালি ঘিরে তার চেয়েও বড় ভুল করার ঝুঁকিতে রয়েছে। আরাঘচির মতে, ভুয়া খবরের চেয়েও বেশি বিপজ্জনক হলো ভুল গোয়েন্দা তথ্য।

মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ ও গোয়েন্দা পর্যালোচনার ব্যর্থতা নিয়ে বিতর্কের সময়েই ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য সামনে এলো। সম্প্রতি দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দাবি করেন, ইরান বিষয়ক অভিযানের ব্যর্থতার দায় শুধু গোয়েন্দা সংস্থার ওপর চাপানো যায় না। তার মতে, তেহরান হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করতে পারে- এমন আশঙ্কা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় প্রস্তুতি ও কৌশল গ্রহণে মার্কিন নীতি নির্ধারকরা ব্যর্থ হয়েছেন। এর আগে সিআইএর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রায়ান ও’নিলও ইঙ্গিত দিয়েছিলেন, গোয়েন্দা সংস্থার সতর্কতা উপেক্ষা করেই ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান নিয়েছিলেন।

ওয়াশিংটনের গোয়েন্দা মূল্যায়নের এ বিতর্ককে এখন কৌশলগত সুযোগ হিসেবে ব্যবহার করছে তেহরান। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা ও সুরক্ষার সক্ষমতাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে তারা বার্তা দিতে চাইছে, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের হিসাব-নিকাশ কতটা নড়বড়ে। হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভুল পদক্ষেপ গোটা অঞ্চলে ভয়াবহ সংকট তৈরি করতে পারে। একই সঙ্গে, মার্কিন সতর্কতার এ দুর্বলতা দেখে উপসাগরীয় দেশগুলোর মধ্যেও এখন ওয়াশিংটনের নিরাপত্তা ছাতার ওপর নির্ভরতা নিয়ে তৈরি হচ্ছে বড় ধরনের সংশয়।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/