শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা
লেবাননে ইসরায়েলি হামলার পর ধোয়ার কুণ্ডুলি। ছবি: সংগৃহীত

দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে ইসরায়েল। তবে এর মধ্যেই লেবাননে হামলার খবর এলো।

আল জাদিদ টিভি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বারাচিত শহরে গোলাবর্ষণ করেছে। উপকূলীয় শহর টায়ারের নিকটবর্তী ক্বাইলেহ শহরে ইসরায়েলি বিমান হামলায় একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল দেশজুড়ে নিয়মিতভাবে চিকিৎসক ও উদ্ধারকারী দলকে লক্ষ্যবস্তু করছে।

এছাড়াও বেকা উপত্যকার মাশঘারা শহরে বিমান হামলা, খিয়াম শহরে আর্টিলারি শেলিং এবং টাইর শহরে একাধিক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।

এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আঞ্চলিক যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।

এর আগে চুক্তিতে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, পক্ষগুলো ‘লেবাননসহ সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/