শিরোনাম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

সিটিজেন ডেস্ক
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪
ইসরায়েলি বিমান হামলায় রাস্তার পাশে পড়ে থাকা একটি গাড়ির ধ্বংসাবশে। ছবি: এএফপি

দক্ষিণ লেবাননে বুধবার (৮ এপ্রিল) ভোরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

হিরাম হাসপাতালের কাছে জাল আল-বহর এলাকার একটি ভবন লক্ষ্য করে এ হামলাটি চালানো হয়। এছাড়া শাকরা শহরে স্বাস্থ্য কর্তৃপক্ষের চিকিৎসা কর্মীদের একটি অবস্থানেও একাধিক হামলা চালানো হয়েছে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি হান্নিয়েহ এবং মানসৌরি এলাকায় কামানের গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। একইসঙ্গে হাদ্দাসা, রাব থালাথিন, আব্বাসিয়া, কাফরা এবং জেমেইজমেহ শহরেও নতুন করে বিমান হামলার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র-ইরান ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরই লেবাননে এ হামলার ঘটনা ঘটল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, এ যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও, গত ২ মার্চ হিজবুল্লাহর একটি আন্তঃসীমান্ত হামলার পর থেকে দক্ষিণ লেবাননে ধারাবাহিকভাবে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। লেবানন কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্যমতে, ইসরায়েলি এ হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৪৯৭ জন নিহত এবং ৪,৬৩৯ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/