শিরোনাম

হরমুজ প্রণালিতে শুল্ক বসাচ্ছে ইরান-ওমান

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালিতে শুল্ক বসাচ্ছে ইরান-ওমান
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইরান ও ওমান।

তাসনিম জানিয়েছে, এই তহবিল ইরানকে পুনর্গঠনের কাজে ব্যয় করা হবে।

সিএনএন এ বিষয়ে মন্তব্যের জন্য ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে। সামুদ্রিক ট্র্যাকিং ডেটা থেকে দেখা যাচ্ছে, যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় এখন মাত্র ৫ শতাংশ জাহাজ চলাচল করতে পারছে। কিছু ট্যাংকার চলাচল করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে রয়েছে পাকিস্তান ও ভারতের পতাকাবাহী জাহাজ। তবে জাহাজ চলাচলের জন্য তারা ইরানের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছে।

জানা গেছে, ইরান হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য প্রতিটি জাহাজের কাছ থেকে ২০ লাখ ডলার পর্যন্ত শুল্ক নির্ধারণ করেছে। তবে কোনো জাহাজ পরিচালনাকারী সংস্থা এই শুল্ক পরিশোধ করেছে কিনা, তা স্পষ্ট নয়।

সূত্র: সিএনএন

/জেএইচ/