শিরোনাম

যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

সিটিজেন ডেস্ক
যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
হরমুজ প্রণালি। ছবি: বিবিসি

যুদ্ধবিরতির পাশাপাশি আগামী ২ সপ্তাহের জন্য হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত করে দিতো রাজি হয়েছে ইরান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত বড় ধরনের বিধ্বংসী হামলা ২ সপ্তাহের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হিসেবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অবিলম্বে জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত করে দিতে হবে বলে তিনি জানিয়েছেন।

এর প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধবিরতির পাশাপাশি আগামী ২ সপ্তাহের জন্য হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল সম্ভব হবে। তিনি আরও জানান, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রেখে বিষয়টি বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প হামলা স্থগিতের তথ্য জানান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধেই তিনি ২ পক্ষের মধ্যে একটি উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছেন।

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফা প্রস্তাব আলোচনার কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অতীতের বেশিরভাগ বিরোধ নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে জানিয়ে ট্রাম্প আশা বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তি সম্পন্ন হতে পারে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/