শিরোনাম

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি: বিশ্ববাজারে কমলো তেলের দাম

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি: বিশ্ববাজারে কমলো তেলের দাম
প্রতীকী ছবি। সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহ যুদ্ধবিরতি এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক হারে হ্রাস পেয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১৪ শতাংশ কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে দুই দেশের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেন, যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি সব দেশের বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। তবে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারের আগে সংশ্লিষ্ট জাহাজগুলোকে অবশ্যই ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পূর্বানুমোদন নিতে হবে।

যুদ্ধবিরতির এ ঘোষণার পরপরই বৈশ্বিক তেলের বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। বাজার সংস্থাগুলোর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালিতে অবরোধ শিথিলের খবরে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১৪ দশমিক ৮৪ ডলার কমে ৯৪ দশমিক ৪৩ ডলারে নেমে এসেছে, যা আগের দামের তুলনায় ১৩ দশমিক ০৬ শতাংশ কম। অন্যদিকে, জ্বালানি তেলের অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও উল্লেখযোগ্য হারে কমেছে। প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম ১৬ দশমিক ১৩ ডলার বা শতকরা হিসেবে ১৪ দশমিক ৩৭ শতাংশ হ্রাস পেয়েছে।

জ্বালানি বাজার বিশ্লেষকরা এ পরিস্থিতিকে অত্যন্ত স্বস্তিদায়ক বলে আখ্যায়িত করেছেন। তেলের বৈশ্বিক বাজার বিশ্লেষক টনি সাইক্যামোর রয়টার্সকে জানান, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে অবরোধ অবসানের এই ঘটনা বাজারের জন্য একটি বড় ইতিবাচক দিক। উত্তেজনা হ্রাসের প্রাথমিক পর্যায়টি চমৎকার হলেও তিনি সতর্ক করে বলেন, বাজার এখনও সম্পূর্ণ স্থিতিশীল হয়নি। বৈশ্বিক জ্বালানি বাজারকে পুরোপুরি স্বাভাবিক ও স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে সামনে আরও অনেক কাজ বাকি রয়েছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/