শিরোনাম

রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়বে যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়বে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভূগর্ভস্থ জ্বালানি তেলের ডিপো। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকটের মধ্যে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নাগরিকদের পাশাপাশি মিত্র দেশগুলোর জ্বালানি চাহিদা মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে মার্কিন জ্বালানি মন্ত্রণালয় জানায়, আগামী সপ্তাহ থেকে তেল সরবরাহ শুরু হবে। চার মাস বা প্রায় ১২০ দিন ধরে ধাপে ধাপে এই তেল বিতরণ করা হবে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যে অবস্থিত ভূগর্ভস্থ ডিপোগুলোতে সংরক্ষিত রয়েছে এই কৌশলগত তেলের মজুত। বর্তমানে সেখানে প্রায় ৪১ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি তেল রয়েছে। বিশ্বের বৃহত্তম কৌশলগত তেল ভান্ডার হিসেবে পরিচিত এই রিজার্ভের মোট ধারণক্ষমতা প্রায় ৭০ কোটি ব্যারেল।

জরুরি পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বহু বছর আগে এই রিজার্ভ গড়ে তোলে যুক্তরাষ্ট্র। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছরের মধ্যে এসপিআরের মজুত আবার বাড়িয়ে অন্তত ২০ কোটি ব্যারেল তেল যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এরই মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান।

আরব সাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যে তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার প্রায় ২০ শতাংশই এই প্রণালি ব্যবহার করে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১০টির বেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি সম্প্রতি সেখানে মাইন পেতে রাখার ঘটনাও সামনে এসেছে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

/এসএ/