শিরোনাম

বিশ্বকাপে হাজারতম ম্যাচের মাইলফলক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে হাজারতম ম্যাচের মাইলফলক
বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে গোল দেওয়ার পর জাপানি খেলোয়াড়দের উদযাপন

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ফিফা বিশ্বকাপ এবার পা রাখল এক অনন্য ও ঐতিহাসিক কীর্তিতে। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে অনুষ্ঠিত জাপান ও তিউনিসিয়ার মধ্যকার লড়াইটি ফুটবল ইতিহাসের পাতায় চিরস্থায়ী রূপ নিয়েছে। কারণ ম্যাচটি ছিল বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ। ১৯৩০ সালে শুরু হওয়া ফুটবল মহাযজ্ঞের এই দীর্ঘ পথচলায় এমন কিছু নির্দিষ্ট ম্যাচ এসেছে, যা কেবল জয়-পরাজয়ের সমীকরণ ছাপিয়ে একেকটি অবিস্মরণীয় মাইলফলক হয়ে উঠেছে।

এ মহাকাব্যের সূচনা হয়েছিল ১৯৩০ সালের ১৩ জুলাই উরুগুয়ের মাটিতে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোকে ৩-১ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল ফ্রান্স। ফরাসি ফুটবলার লুসিয়েন লরাঁ করেছিলেন বিশ্বকাপের ইতিহাসের প্রথম গোল। এরপর ফুটবল যত এগিয়েছে, ম্যাচ সংখ্যাও তত বেড়েছে। ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে জুরিখে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়া ও উরুগুয়ের মধ্যকার লড়াইটি ছিল বিশ্বকাপের শততম ম্যাচ, যেখানে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়া।

মাইলফলকের এই খতিয়ানে ১৯৬৬ সালের ৩০ জুলাইয়ের দিনটি বিশেষভাবে স্মরণীয়। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত পশ্চিম জার্মানি ও স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটি ছিল ইতিহাসের ২০০তম ম্যাচ। সে ম্যাচে জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো জুলে রিমে ট্রফি ঘরে তোলে ইংলিশরা। এরপর ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে দুই লাতিন পরাশক্তি আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যকার হাইভোল্টেজ নকআউট ম্যাচটি স্পর্শ করে ৪০০তম ম্যাচের মাইলফলক। মেক্সিকোর পুয়েব্লায় অনুষ্ঠিত ওই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা ১-০ গোলে জয়ী হয়ে পরবর্তী সময়ে শিরোপা নিজেদের করে নেয়।

১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে পূরণ হয় ৫০০তম ম্যাচের কোটা। ২৩ জুন বারিতে অনুষ্ঠিত নকআউট পর্বের ম্যাচে কোস্টারিকাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে তৎকালীন চেকোস্লোভাকিয়া। প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠা কোস্টারিকার জন্য ম্যাচটি হার দিয়ে শেষ হলেও তা ইতিহাসের অংশ হয়ে যায়। কালের পরিক্রমায় ২০১৮ সালের ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচটি রূপ নেয় বিশ্বকাপের ৯০০তম ম্যাচে। ক্রোয়েশিয়াকে হারিয়ে ফ্রান্স সেবার দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট পরে।

আর এবার ২০২৬ সালে এসে আরও ১০০টি ম্যাচ পেরিয়ে ফুটবল বিশ্ব দেখল তার হাজারতম ম্যাচ। মেক্সিকোর মন্টেরেতে জাপান ও তিউনিসিয়ার এ ঐতিহাসিক মুখোমুখি লড়াইটি কেবল একটি গ্রুপ পর্বের ম্যাচ হিসেবে নয়, বরং বিশ্ব ফুটবলের দীর্ঘ ৯৬ বছরের গৌরবময় পথচলার এক অনন্য স্মারক হিসেবে ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিল।

/এমএকে/