শিরোনাম

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যুর অভিযোগ

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যুর অভিযোগ
আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন।

বরিশালে পুলিশের অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফিয়ে পড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (২১ জুন) দুপুরে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ খান মেনন আওয়ামী লীগের বরিশাল মহানগরীর ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

রাশেদ খান মেননের পরিবারের সদস্যদের দাবি, আজ (রবিবার) দুপুরে কোনো মামলা ছাড়াই রাশেদ খান মেননের পশ্চিম কাউনিয়ার বাসায় অভিযান চালায় কাউনিয়া থানা পুলিশ। এসময় আতঙ্কিত হয়ে এবং গ্রেপ্তার এড়াতে বাড়ির ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন রাশেদ খান মেনন।

পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা রাশেদ খান মেননকে মৃত বলে ঘোষণা করেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, ‘কোনো অভিযান নয়; প্রাথমিকভাবে জানা গেছে, রাশেদ খান মেননের হার্টে রিন পরানো ছিলো। তিনি নিজ বাসার ছাদ দিয়ে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে মারা গেছেন।

ওসি আরও বলেন, ‘পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মৃতের মরদেহ তার পরিবারের সদস্যরা শেবাচিম হাসপাতাল থেকে নিয়ে গেছেন।’

/এফআর/