শিরোনাম

সাদাপাথর পর্যটনকেন্দ্র আবার সাময়িকভাবে বন্ধ

সিলেট সংবাদদাতা
সিলেট সংবাদদাতা
সাদাপাথর পর্যটনকেন্দ্র আবার সাময়িকভাবে বন্ধ
পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটনকেন্দ্র।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর। পরিস্থিতি বিবেচনায় এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি শুরু হয়। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলেও ভারী বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে আজ (রবিবার) সকালে হঠাৎ সাদাপাথর এলাকার মূল জিরো পয়েন্ট, ভাসমান দোকান এলাকা এবং পর্যটকদের চলাচলের বিস্তীর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়। ফলে নিরাপত্তার কথা বিবেচনা করে সকাল থেকে খেয়াঘাট হতে কোনো নৌকা সাদাপাথরের উদ্দেশে ছেড়ে যায়নি।

সাদাপাথর পর্যটনকেন্দ্র আবার সাময়িকভাবে বন্ধ (1)
পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটনকেন্দ্র।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এবারও পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাট ডুবে গেছে। অনেক ব্যবসায়ীর লকার, চেয়ার, প্রসাধনসামগ্রী ও অন্যান্য আসবাব পানির স্রোতে ক্ষতিগ্রস্ত বা ভেসে গেছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘প্রতিবেশী দেশে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে পানি নেমে আসছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। স্রোত কমে গেলে এবং আবহাওয়া স্থিতিশীল হলে পুনরায় পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পাহাড়ি ঢলে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

/এফআর/