শিরোনাম

ব্যাটিং ব্যর্থতায় ধবল ধোলাই এড়াতে পারলো না বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্যাটিং ব্যর্থতায় ধবল ধোলাই এড়াতে পারলো না বাংলাদেশ
তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়

মিরপুরের ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস চট্টগ্রামে এসে ম্লান হয়ে গেল বাংলাদেশের। সিরিজ আগেই খুইয়েছিল স্বাগতিকরা। শেষ ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে মান বাঁচানোর লড়াইয়েও ব্যর্থ ফিল সিমন্সের দল। তাওহীদ হৃদয়ের লড়াকু ফিফটির পরও ৫৪ বল বাকি থাকতেই ৭ উইকেটের বিশাল জয়ে বাংলাদেশকে ধবল ধোলাই করল অস্ট্রেলিয়া।

সাগরিকার ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে শুরু থেকেই ডট বল আর উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে নামে টাইগার ব্যাটাররা। মাত্র ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে যখন চট্টগ্রামের সর্বনিম্ন সংগ্রহ ১০৮ রান পার হওয়া নিয়েও শঙ্কা জাগে, তখন দলকে টেনে তোলেন অধিনায়ক হৃদয়। তার ৫১ বলে খেলা অপরাজিত ৬১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে রিশাদ হোসেনের ব্যাট থেকে। দীর্ঘ বিরতি পর দলে ফিরে নুরুল হাসান সোহান ৮ বলে ৬ এবং শামীম পাটোয়ারী করেন মাত্র ৩ রান।

এ ম্যাচেই লজ্জার এক রেকর্ড গড়েছেন তিনে নামা পারভেজ হোসেন ইমন। ১৩ বলে মাত্র ১ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অন্তত ১০ বল খেলা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইকরেটের রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই মিরপুরে ১১ বলে ২ রান করে এ রেকর্ডের মালিক ছিলেন সৌম্য সরকার। ওপেনার সাইফ হাসানও টানা ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে ৯ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। অস্ট্রেলিয়ার পক্ষে স্পেন্সার জনসন ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া নাথান এলিস ও অ্যাডাম জাম্পা দুটি এবং নিখিল চৌধুরী নেন একটি উইকেট।

১১০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই শরিফুল ইসলামের ওপর চড়াও হন অজি ওপেনাররা, তুলে নেন ১৭ রান। এমন বাজে শুরুর পর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে মিচেল মার্শের টর্নেডো ব্যাটিং ম্যাচটিকে একপেশে বানিয়ে দেয়। এ অজি ওপেনার মাত্র ২৮ বলে খেলেন ৬০ রানের এক বিধ্বংসী ইনিংস। ফলে মাত্র ১১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে শরিফুল, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করলেও তা বড় পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

/এমএকে/