শিরোনাম

অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মনোহরদী ও বেলাবো  (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বজ্রপাত। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

নরসিংদীর মনোহরদী উপজেলায় অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরপাড়া এলাকার বাদল মিয়ার পুত্র জহিরুল ইসলাম (১৫) ও একই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র আবু রায়হান (১৪) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র আবু জাফর (১২)। তারা সবাই মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বৃষ্টির মধ্যে মাগরিবের নামাজের জন্য অজু করতে বের হয় মাদ্রাসার ছাত্ররা। হঠাৎ অজুখানার ওপর বজ্রপাত ঘটলে চার ছাত্র মারাত্মকভাবে আহত হন। পরে আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় মাদ্রাসার শিক্ষকরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা খোরশেদ আলম।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, ‘বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি।’

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানশির বিল্লাহ বলেন, ‘বজ্রপাতে আহত তিনজনের মৃত্যু হয়েছে। আহত একজন ছাত্রের চিকিৎসা চলছে।’

/এফআর/