শিরোনাম

আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

সিটিজেন ডেস্ক
আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় আবারও হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৮ মে) সকালে চালানো এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও দেশটির শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলাগুলো প্রতিহত করা হয়েছে, তবে আকাশেই ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, শুক্রবার (৮ মে) ইরান থেকে নতুন করে দুটি ব্যালিস্টিক মিসাইল এবং তিনটি ড্রোন ছোড়া হয়েছিল। চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের ছোড়া ৫৫১টি ব্যালিস্টিক মিসাইল, ২৯টি ক্রুজ মিসাইল এবং ২ হাজার ২৬৩টি ড্রোন সফলভাবে রুখে দিয়েছে আমিরাত।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবার সকালে আমিরাত উপকূলে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে, বিশেষ করে যেখানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। সাংবাদিক নাতাশা তুরাক জানিয়েছেন, সোমবার (৪ মে) থেকে উপকূলীয় এলাকায় এ সংঘর্ষ ও হামলার প্রবণতা বেড়ে যাওয়ায় আমিরাত বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। তবে উপকূলীয় এলাকায় অস্থিরতা চললেও আমিরাতের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত কোনো ধরনের সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত হানার খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

/এমএকে/