শিরোনাম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার হুথিদের

সিটিজেন ডেস্ক
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার হুথিদের
প্রতীকী ক্ষেপণাস্ত্র নিয়ে রাজধানী সানায় ইসরায়েল বিরোধী বিক্ষোভে ইয়েমের হুথি বিদ্রোহীরা (১৭ মার্চ, ২০২৫)। ছবি: সংগৃহীত

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরান যুদ্ধ শুরুর পর এটি তাদের প্রথম হামলা বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করার কথা জানিয়েছিল।

এক বিবৃতিতে ইরানঘনিষ্ঠ এই গোষ্ঠী জানায়, লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনে অবকাঠামো ধ্বংস ও বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে তারা এই হামলা চালিয়েছে।

তারা আরও সতর্ক করে বলেছে, ঘোষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এবং ‘প্রতিরোধ জোটের’ বিরুদ্ধে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই সামরিক অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/