শিরোনাম

৬ সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৬ সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত
প্রতীকী ছবি

আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক কোনো হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ে হুড। তার মতে, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে ঘিরে ওয়াশিংটন যখন ব্যস্ত সময় পার করবে, ঠিক তখনই আঘাত হানার কৌশল বেছে নিতে পারে তেহরান। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

হুড বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার ইতিহাস আছে ইরানের। বিশেষ করে নির্বাচনের সময় তারা এ কাজ করে। জিমি কার্টার থেকে শুরু করে সাম্প্রতিক সব প্রেসিডেন্টের সময় তারা এটা করেছে।

বিদ্যমান পরিস্থিতিতে মার্কিন অর্থনীতি ও জ্বালানি বাজারকে ইরান কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বলে মনে করেন সাবেক এ কূটনীতিক। তিনি উল্লেখ করেন, নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল- দুই দেশেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ পেট্রোলের দরদাম নিয়ে বেশ সংবেদনশীল। এ বিষয়টিকে ইরান নিজেদের সুযোগ হিসেবে দেখতে পারে। হুডের ভাষায়, একই সময়ে (নভেম্বরে) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচন হচ্ছে। আর যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বৃদ্ধির জন্য এটি ইরানের জন্য বড় একটি সুযোগ। বিশেষ করে তারা জানে, মার্কিন ভোটাররা পেট্রোলের দাম নিয়ে অনেক বেশি স্পর্শকাতর যেমনটা আরব ভোটাররা রুটির দামের ক্ষেত্রে।

বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রত্যক্ষ আলোচনার পথ পুরোপুরি বন্ধ থাকায় এক ধরনের কূটনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ সংকট কাটাতে মধ্যস্থতাকারী দেশগুলোকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক এ প্রতিনিধি। তিনি বলেন, আমি মনে করি মধ্যস্থতাকারী দেশগুলো যদি চমকপ্রদ কিছু না নিয়ে আসতে পারে তাহলে কূটনৈতিক তৎপরতার আসলে খুব বেশি দাম নেই।

সম্ভাব্য সমাধানের পথ বাতলে দিয়ে হুড জানান, মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো যদি এগিয়ে আসে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। মধ্যপ্রাচ্যের এ দেশগুলো উপসাগর ও উত্তর আরব সাগরে নৌশক্তি মোতায়েন করে হরমুজ প্রণালির সুরক্ষার দ্বায়িত্ব নিলে সামরিক উত্তাপ অনেকটাই কমে আসবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/