শিরোনাম

‘আপা আসার আগেই তোরে মাইরা ফালামু’ বলেই জামায়াত নেতার ওপর হামলা

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
‘আপা আসার আগেই তোরে মাইরা ফালামু’ বলেই জামায়াত নেতার ওপর হামলা
যুবলীগের নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতা জসিম উদ্দিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় জসিম উদ্দিন নামে এক জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার সময় হামলাকারীরা তাকে হুমকি দিয়ে বলে, ‘ডিসেম্বরে আপা আসতেছে। উনি আসার আগেই তোরে মাইরা ফালামু।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জসিম উদ্দিন ফতুল্লা থানা জামায়াতের ৭ নম্বর ওয়ার্ডের নেতা।

ভুক্তভোগী জসিম উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়জুলের অনুসারী শাহাদাত সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্ত হন। জামিন পাওয়ার পর থেকেই শাহাদাত ও তার লোকজন আমাকে নজরে রাখছিলেন। গতকাল এশার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে কায়েমপুর এলাকায় শাহাদাত ও তার সহযোগীরা আমার পথ আটকান। এ সময় শাহাদাত দাবি করেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি নেতা, সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন এবং জামায়াতের মহানগর আমির আবদুল জব্বারকে সহায়তা করে আমি তাদের গ্রেপ্তার করিয়েছি। কথাকাটাকাটির একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

তিনি বলেন, শাহাদাত হঠাৎ বলে ওঠে, ডিসেম্বরে আপা আসতেছে। উনি আসার আগেই তোরে মাইরা ফালামু। এই বলেই তারা সুইচব্লেড দিয়ে আমার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলার পর স্থানীয় বাসিন্দারা আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে কিছুক্ষণ পর চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে একই স্থানে দুর্বৃত্তরা আবার ওপর চড়াও হয়। পরে আশপাশের মানুষ ছুটে এসে আমাকে পুনরায় রক্ষা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহমেদ নামের এক যুবককে আটক করা হয়েছে এবং জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

/এসবি/