শিরোনাম

পাকিস্তানে বিশেষ অভিযানে ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ৪৮ সদস্য নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পাকিস্তানে বিশেষ অভিযানে ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ৪৮ সদস্য নিহত
টহলে পাকিস্তানি সেনা বাহিনীর সদস্যরা

গত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী পরিচালিত একাধিক অভিযানে অন্তত ৪৮ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, নিহতরা ভারত-সমর্থিত প্রক্সি গোষ্ঠী ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজের’ সঙ্গে জড়িত ছিল।

বিবৃতির তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) মাস্তুং এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। সেখানে তীব্র গোলাগুলির পর ৬ ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয় এবং তাদের আস্তানা থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এছাড়া কোয়েটা জেলার শাবান এলাকায় পাওয়া নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে ‘খাওয়ারিজদের’ চারটি গোপন ঘাঁটি চিহ্নিত করে ২৬ জনকে হত্যা করে। একই সময়ে কালাতের এক আস্তানায় অভিযান চালিয়ে ‘দুই ভারত-সমর্থিত সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে। অন্যদিকে, সিবি জেলার ভাগ এলাকার বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ স্টেশনে হামলার একটি সন্ত্রাসী পরিকল্পনা নস্যাৎ করে নিরাপত্তা বাহিনী। সেখানে গোলাগুলিতে আরও দুই সন্ত্রাসী নিহত হয়।

পাক সামরিক বাহিনী জানিয়েছে, দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার অধীনে এ অভিযান অব্যাহত থাকবে। মূলত পাকিস্তান সরকার তাদের দেশে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মিকে (বিএলএ) ‘ফিতনা আল-হিন্দুস্তান’ এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ‘ফিতনা আল-খাওয়ারিজ’ বলে আখ্যা দিয়ে থাকে। ইসলামাবাদের দাবি, বহু বছর ধরেই এ দুটি সশস্ত্র গোষ্ঠীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা জোগাচ্ছে নয়াদিল্লি।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর থেকেই পাকিস্তানে, বিশেষ করে সীমান্ত ঘেঁষা প্রদেশগুলোতে সহিংসতার পথ ধরেছে সশস্ত্র গোষ্ঠীগুলো। গবেষণা সংস্থা ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের’ সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে পুরো পাকিস্তানে ছড়িয়ে পড়া সহিংসতার ৯৬ শতাংশই ঘটছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। যার মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ১৫১টি ঘটনায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ৯৪টি প্রাণঘাতী ঘটনায় ২৬৫ জন নিহত হয়েছেন। দুই প্রদেশের এই পরিসংখ্যান বুঝিয়ে দেয়, পুরো অঞ্চলে সশস্ত্র দলগুলোর তৎপরতা ঠিক কতটা ঘনীভূত হয়েছে।

সূত্র: জিও নিউজ

/এমএকে/