শিরোনাম

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দিল্লিতে রেড অ্যালার্ট জারি
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) হঠাৎ পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। পরিবেশ মুহূর্তেই বদলে গিয়ে স্থবির হয়ে পড়ে শহরের স্বাভাবিক চলাচল। এমন পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জরুরি ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েন জন্মাষ্টমীর উৎসবে বের হওয়া সাধারণ মানুষ। উৎসবের আনন্দে যারা ছাতা হাতে বা সাজগোজ করে রাস্তায় নেমেছিলেন, তারা হঠাৎ হওয়া ঝুম বৃষ্টিতে ভিজে যান।

চারদিকে নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের ছোটাছুটি শুরু হয়। বৃষ্টির দাপট বাড়লে শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীর পালম ও নজফগড়সহ বিভিন্ন জায়গায় ভালো পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামনেও শহরের বেশিরভাগ স্থানে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

অবিরাম বৃষ্টিতে শহরের নিচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

/টিই/