শিরোনাম

যুদ্ধবিরতিতে ইরান শক্তি সঞ্চয় করে থাকতে পারে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতিতে ইরান শক্তি সঞ্চয় করে থাকতে পারে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানজুড়ে প্রায় ৭৫ শতাংশ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি জানান, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে মার্কিন প্রশাসনের কোনো তাড়াহুড়ো নেই, বরং তিনি সর্বোচ্চ স্বার্থরক্ষা করে একটি সেরা চুক্তিই নিশ্চিত করতে চান।

যুদ্ধের স্থায়িত্ব নিয়ে আগের দাবির বিপরীতে ট্রাম্প বলেন, তিনি মাঝে সামান্য বিরতি নিয়েছিলেন ঠিকই, তবে ইরানিরা সামরিকভাবে এখন প্রায় পঙ্গু। তার মতে, ইরানকে পুনরায় পুনর্গঠিত হতে অন্তত ২০ বছর সময় লাগবে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, তার প্রশাসনের অনেকে এতে রাজি থাকলেও তিনি ব্যক্তিগতভাবে এর বিপক্ষে। তিনি জানান, এই পথ খুলে দিলে ইরান প্রতিদিন ৫০ কোটি ডলার আয় করবে, যা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তিনি হতে দিতে চান না। এ কারণেই কৌশলগতভাবে প্রণালিটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ইরান ও ইসরায়েল সংঘাতের জেরে নিকট ভবিষ্যতে জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, ভোক্তাদের অল্প সময়ের জন্য বাড়তি খরচ সইতে হতে পারে, তবে ইরানের পারমাণবিক হুমকি চিরতরে শেষ করার বিনিময়ে এ চড়া দাম একটি ছোট মূল্য মাত্র।

ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই পুরোপুরি অকার্যকর করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির সুযোগে ইরান যদি গোপনে কিছু রসদ মজুত করেও থাকে, তবে মার্কিন বাহিনী তা মাত্র এক দিনেই ধ্বংস করে দিতে সক্ষম বলে হুঁশিয়ারি দেন তিনি। দীর্ঘমেয়াদী চুক্তির সময়সীমা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না এবং উপযুক্ত সময়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/