শিরোনাম

সংকটে নেপালের নতুন সরকার

সিটিজেন ডেস্ক
সংকটে নেপালের নতুন সরকার
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: রয়টার্স

নেপালের রাজনৈতিক সংস্কারের আশা নিয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী বালেন শাহর প্রশাসন দায়িত্ব গ্রহণের মাস না পেরোতেই গভীর অস্তিত্ব সংকটে পড়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে জেনারেশন-জেড-এর সমর্থনে ক্ষমতায় আসা ৩৫ বছর বয়সী এই র‍্যাপার-রাজনীতিবিদের প্রশাসনে এখন চরম অস্থিরতা বিরাজ করছে।

গত ২৬ দিনের ব্যবধানে মন্ত্রিসভার দুজন গুরুত্বপূর্ণ সদস্যের পদত্যাগ শাহর সংস্কারবাদী ভাবমূর্তিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির স্বচ্ছ শাসনের প্রতিশ্রুতি নিয়ে এখন খোদ জনমনেই তীব্র সংশয় দেখা দিচ্ছে।

সরকারের এ টালমাটাল পরিস্থিতির সর্বশেষ সংযোজন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের পদত্যাগ। নিজের ব্যক্তিগত বিনিয়োগ ও ব্যবসায়িক লেনদেন নিয়ে প্রশ্ন ওঠায় নৈতিকতার দায়বদ্ধতা থেকে তিনি পদ ছাড়ার ঘোষণা দেন। বিবৃতিতে গুরুং উল্লেখ করেন, পদের চেয়ে নৈতিকতা অনেক বড় এবং জনজীবনে স্বচ্ছতা থাকা বাধ্যতামূলক। এর মাত্র কয়েক দিন আগে স্বজনপ্রীতির অভিযোগে শ্রমমন্ত্রী দীপক কুমার শাহকে পদত্যাগে বাধ্য করা হয়। নিজের পদের অপব্যবহার করে স্ত্রীকে স্বাস্থ্য বিমা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠায় শপথ নেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় নিজ দলের চাপের মুখে তাকে বিদায় নিতে হয়। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী বালেন শাহ নিজেই সামলাচ্ছেন।

রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি ভারত-নেপাল সীমান্ত নীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ভারত থেকে ১০০ নেপালি রুপির বেশি মূল্যের পণ্য আনলেই এখন শুল্ক দিতে হবে। সীমান্তে কড়াকড়ি ও পণ্য বাজেয়াপ্ত করার ঘটনায় সীমান্ত এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ এ সিদ্ধান্তে বিপাকে পড়লেও নির্দেশনার আনুষ্ঠানিক নথিপত্র নিয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে। একইসঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫০ থেকে বেড়ে ২২৫ রুপি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি আর একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে ১০৯তম অবস্থানে থাকা নেপালের এ সরকারের ভবিষ্যৎ এখন গভীর পর্যবেক্ষণের মুখে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/