শিরোনাম

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী জর্জ বুশ

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরী জর্জ বুশ
ছবি: সংগৃহীত

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ বর্তমানে মধ্যপ্রাচ্যের অভিমুখে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, নিমিটজ শ্রেণির এই সুপারক্যারিয়ারটি ইতোমধ্যে তাদের নির্ধারিত দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রণতরীটির একটি ছবি প্রকাশ করেছে সেন্টকম, যেখানে বিশালাকার জাহাজটিকে ভারত মহাসাগর অতিক্রম করতে দেখা যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে রণতরীটি মোতায়েনের উদ্দেশ্য নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। এটি কি ওই অঞ্চলে আগে থেকে মোতায়েন থাকা মার্কিন নৌবহরের শক্তি বৃদ্ধি করতে যোগ দিচ্ছে, নাকি নির্দিষ্ট কোনো জাহাজের স্থলাভিষিক্ত হতে আসছে সে বিষয়ে সেন্টকমের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। যদিও বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম এ বিষয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে।

উল্লেখ্য, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি জোরদারে আগে থেকেই শক্তিশালী উপস্থিতি রয়েছে। সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে। এটি মার্কিন পঞ্চম নৌবহরের অধীনে ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন করে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের উপস্থিতি মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে আরও সংহত করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

/এমএকে/