শিরোনাম

‘আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন’

নিজস্ব প্রতিবেদক
‘আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগ শেষে এক নতুন মানুষ হয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। এই দীর্ঘ পথচলায় তিনি খুঁজে পেয়েছেন আত্মশুদ্ধির এক ভিন্ন দিগন্ত। গত ১৮ মার্চ তিনি মুক্তি পেয়েছেন।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার জীবনের এই ব্যতিক্রমী অধ্যায় তুলে ধরেছেন।

সিদ্দিক বলেন, ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তারের পর টানা ১০ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছি। তবে এই সময়টিতে আমি শুধুমাত্র বন্দিদশা হিসেবে দেখি নি বরং এটিকে নিজের ভেতরে পরিবর্তনের সুযোগ হিসেবে গ্রহণ করেছি।

তিনি বলেন, জেলে গেলে মানুষ অনেক কিছু ভাবার সুযোগ পায়। আগে দ্বীনের কাজে তেমন মনোযোগী ছিলাম না, কিন্তু সেখানে নিয়মিত কোরআন তিলাওয়াত ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আল্লাহই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন।কারাগারের দেওয়ালে লেখা ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ এই বাক্যটি তার মনে গভীর রেখাপাত করে।

সিদ্দিকের মতে, কারা কর্তৃপক্ষ তাকে নিরাপদে রেখেছে, আর সেই নিরাপত্তার ভেতরেই তিনি খুঁজে পেয়েছেন নিজের আলোর পথ।

তিনি বলেন, কারাবন্দি জীবন আমার সৃজনশীলতাকে থামিয়ে রাখতে পারেনি। বরং এই সময়েই আমি ১৫টি নাটক এবং ৩টি চলচ্চিত্রের গল্প লিখেছি। পাশাপাশি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও রচনা করেছি।

তবে মুক্তির পরও কারাজীবনের মানসিক অভিঘাত পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেতা।

তিনি বলেন, এখনো শারীরিক ও মানসিকভাবে সেই নিয়ন্ত্রিত জীবনের প্রভাব অনুভব করি। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি এবং কারাগারে লেখা সৃষ্টিগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি।

/এসবি/