শিরোনাম

‘জামায়াতের মতো বিরোধী দল সংসদে, দেখতে লজ্জা লাগে’

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
‘জামায়াতের মতো বিরোধী দল সংসদে, দেখতে লজ্জা লাগে’
চাঁপাইনবাবগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, জামায়াতে ইসলামী একটা ভণ্ড রাজনৈতিক দল। আমার লজ্জা হয়, তাদের মতো একটি বিরোধী দল সংসদে। যারা ‘৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো। যারা এদেশের মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে। এরকম একটি রাজনৈতিক দল বিরোধী দলের দায়িত্ব পালন করছে।

রবিবার (১৯ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদয়ন মোড়ে উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হারুনুর রশিদ বলেন, বর্তমান সরকারের মেয়াদ হয়েছে মাত্র চার মাস। বাংলাদেশের একজন বিখ্যাত শিক্ষামন্ত্রী যিনি বিগত খালেদা জিয়ার সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সেই সময় নকল নামের যে অভিশাপ ছিলো সেটি তিনি মুক্ত করেছিলেন। একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাকে ধ্বংস করে দেওয়া উচিত। শেখ হাসিনা জাতিকে ধ্বংস করে গেছেন। সর্বক্ষেত্রে ধ্বংস করে গেছেন।

তিনি বলেন, শিক্ষায় অটোপাস, বিনা লেখায় মার্ক বেশি দিয়ে ছাত্রদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। যার ফলে আজকের শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রীদের ক্লাসে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন।

হারুনুর রশিদ বলেন, শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে সরকারকে সহায়তা না করে জামায়াত ইসলামী উসকানি দিচ্ছে অছাত্রদেরকে। এনসিপির যারা আজকে পরিবর্তনের কথা বলছে, তারাও এই অবৈধ কর্মকাণ্ডের ইন্ধন দিচ্ছে। কিন্তু যতই ইন্ধন দাও বিএনপি আজকে বিপুল মেজোরিটি নিয়ে ক্ষমতায় আছে। সুতরাং এসব করে কোনো লাভ হবে না।

এই সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক ও মাসিদুল হক নিখিলসহ প্রমুখ।

/এসআর/