শিরোনাম

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রী হলেন যারা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রী হলেন যারা
বামে থেকে কার্তিক আরিয়ান, মামুট্টি ও ইয়ামি গৌতম

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ফিচার, নন-ফিচার এবং আঞ্চলিক ভাষার বিভিন্ন বিভাগে এ বছরের সেরাদের নির্বাচন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) নয়াদিল্লিতে ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ সম্মাননা ‘৭২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪’-এর বিজয়ীদের এই তালিকা প্রকাশ করা হয়।

এবারের আসরে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন মালয়ালম সিনেমার কিংবদন্তি অভিনেতা মামুট্টি এবং বলিউড তারকা কার্তিক আরিয়ান। অন্যদিকে ‘আর্টিকেল ৩৭০’ লচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম।

১১ সদস্যের জুরি বোর্ডের নেতৃত্ব দেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জয়রাজ। বিভিন্ন ভাষার চলচ্চিত্র পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে তারা বিজয়ীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করেন। হররধর্মী মালয়ালম চলচ্চিত্র ‘ব্রহ্মযুগম’-এ অসাধারণ অভিনয়ের জন্য মামুট্টি এবং স্পোর্টস ড্রামা ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ অনবদ্য পারফরম্যান্সের জন্য কার্তিক আরিয়ান যৌথভাবে সেরা অভিনেতার স্বীকৃতি পান। কার্তিক আরিয়ান ও ইয়ামি গৌতম-দুজনেরই এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শুধু অভিনয় নয়, ইয়ামি গৌতম অভিনীত ‘আর্টিকেল ৩৭০’ এবার সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কারও অর্জন করেছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে ‘ভক্ষক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সঞ্জয় মিশ্র সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন। ‘অমরন’ চলচ্চিত্র নির্মাণের জন্য সেরা পরিচালকের সম্মাননা জিতেছেন রাজকুমার পেরিয়াসামি। পাশাপাশি ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’ সিনেমার মাধ্যমে অভিনেতা ও নির্মাতা রণদীপ হুদা সেরা নবাগত পরিচালকের পুরস্কার অর্জন করেছেন।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সিবিএফসি থেকে সার্টিফিকেটপ্রাপ্ত চলচ্চিত্রগুলো এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচনায় আনা হয়। ফিচার ও নন-ফিচার মিলিয়ে মোট ৪৩টি বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও ভারতের এই মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণাকে ঘিরে চলচ্চিত্রাঙ্গন ও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

/এসবি/