শিরোনাম

৫ দিন ধরে বিদ্যুৎহীন বেরোবির অ্যাকাডেমিক ভবন

বেরোবি সংবাদদাতা
বেরোবি সংবাদদাতা
৫ দিন ধরে বিদ্যুৎহীন বেরোবির অ্যাকাডেমিক ভবন
গত ১৫ জুলাই শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সময় তোলা চিত্র।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাডেমিক বিল্ডিং-২ গত পাঁচ দিন ধরে বিদ্যুৎহীন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় শ্রেণিকক্ষগুলোতে পর্যাপ্ত আলো ও ফ্যানের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ওয়াশরুমে পানির সংকটও দেখা দিয়েছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

জানা গেছে, গত ১৫ জুলাই ভবনটির বৈদ্যুতিক সার্কিট সংযোগের কাজ চলাকালে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পাঁচ দিন পর হলেও আজ রবিবার (১৯ জুলাই) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অ্যাকাডেমিক বিল্ডিং-২-এ নিয়মিত ক্লাস করা গণিত বিভাগের শিক্ষার্থী লিমন ইসলাম বলেন, ‘গত ১৫ তারিখ থেকে বিদ্যুৎ না থাকায় আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে আছি। ক্লাসরুমগুলোতে পর্যাপ্ত আলো নেই। তীব্র গরমে ফ্যানও চলছে না। গরম আর অন্ধকারের কারণে ক্লাসে মনোযোগ দিয়ে করা যাচ্ছে না। বাধ্য হয়ে অত্যন্ত অস্বস্তিকর পরিবেশে আমাদের ক্লাস করতে হচ্ছে।’

এক নারী শিক্ষার্থী বলেন, ‘শুধু লাইট-ফ্যান বন্ধ নয়, বিদ্যুৎ না থাকায় ভবনের ওয়াশরুমেও পানির ব্যবস্থা নেই। একটি বিশ্ববিদ্যালয়ে সামান্য শর্ট সার্কিটের সমস্যা সমাধানে পাঁচ দিন লেগে যাওয়া দুঃখজনক। ’

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। গরম ও অস্বস্তিকর পরিবেশে ক্লাস চালিয়ে সম্ভব হচ্ছে না। তাই দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (তড়িৎ) ও শাখা প্রধান মো. আলতাফ হোসেন সরকার বলেন, ‘ইতোমধ্যে মেরামতের কাজ শুরু করেছি। আশা করছি, আগামীকাল (২০ জুলাই) সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

/এফআর/