শিরোনাম

টাকাসহ জামায়াতের চার নেতাকর্মী আটক, যা জানালো প্রশাসন

সিরাজগঞ্জ সংবাদদাতা
টাকাসহ জামায়াতের চার নেতাকর্মী আটক, যা জানালো প্রশাসন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে ৭১ হাজার টাকাসহ আটক করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরে তাদের ছেড়ে দেয় প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া দুই ব্যক্তি হলেন– উপজেলার রায়দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মমিন ও একই ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ইমদাদুল হক।

এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ভোট কেনার জন্য এসেছে, এমন দাবি করে একটি সিএনজি থেকে কয়েকজনকে নামিয়ে তাদের কাছ থেকে ৭১ হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় আশপাশের বেশ কিছু লোকজন এসে ভিড় করে।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, সিএনজিতে যাওয়ার সময় জামায়াতের সমর্থক চার জনকে আটক করেন বিএনপির নেতাকর্মীরা। তারা দাবি করেন, ভোট কেনার জন্য সংগ্রহে থাকা ৭১ হাজার টাকা তারা উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া ব্যাগে জামায়াতে ইসলামীর নাম সংবলিত টি-শার্ট ও বেশ কিছু ব্যাজ ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দাবি করেছেন, তাদের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। যা তারা পোলিং এজেন্টদের খরচ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। টি-শার্ট ও ব্যাচ তাদের স্বেচ্ছাসেবকরা ব্যবহার করবে। এসময় তাদের কাছে বেশকিছু পোলিং এজেন্টের ফরমও পাওয়া গেছে। উভয়ের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল কমিটিতে পাঠানো হয়েছে।

তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আটকদের ছেড়ে দেওয়া হয়েছে।

/এসআর/