শিরোনাম

কর্মীদের কারণে সরকারের দুর্নাম হলে গ্রেপ্তারের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
কর্মীদের কারণে সরকারের দুর্নাম হলে গ্রেপ্তারের হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
নরসিংদীতে মনোহরদী প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভায় কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল নিজ দলের কর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমার বা আপনাদের কোন কাজে কর্মে সরকারের উপর কোন বদনাম আসে বা সরকারের বিরুদ্ধে যদি সাংবাদিকরা লেখার সুযোগ পায়। মনে রাখবেন আমাকে যেমন আমার প্রধানমন্ত্রী ছাড়বেন না বলে দিয়েছেন, আপনাদেরও কিন্তু আমি ছাড়বো না।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে মনোহরদী প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বকুল যোগ করেন, বিন্দুমাত্র যদি অন্যায় কেউ করে, সমাজ বিরোধী কাজ কেউ করে বা সহযোগীতা করে যেখানে যাকে পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে।

তিনি আরও বলেন, আজ থেকে ২ বছর আগে সরকার চালানো আর আজকের সরকার চালানো অনেক পার্থক্য রয়েছে। এখনকার যে তরুণ প্রজন্ম, সাংবাদিক, বিরোধীদল সবাই আমাদের দিকে বাজপাখির মতো তাকিয়ে আছে নোট করার জন্য আমরা কি করি। সমাজ এখন দুর্নীতির বিরুদ্ধে, তারা ভালো কাজ দেখতে চায়।

সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা পত্রিকা পড়ি কাগজ দেখার জন্য না, সাংবাদিকদের লেখা দেখার জন্য। আপনাদের লেখাটা যেন সব সময় নেগেটিভ না হয়, পজেটিভ লিখেন তাহলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে।

মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদেরর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন ও মনোহরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণ।

/টিই/