শিরোনাম

প্রশাসনে দলীয়করণ চলবে না: খায়রুল কবির খোকন

নরসিংদী  সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
প্রশাসনে দলীয়করণ চলবে না: খায়রুল কবির খোকন
নরসিংদী সদরে ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, প্রশাসন ও দলকে আলাদা অবস্থানে থেকেই কাজ করতে হবে। প্রশাসন তাদের নিয়ম অনুযায়ী কাজ করবে, দল স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করবে। দুইটিকে গুলিয়ে ফেললে হবে না। দেশে শান্তি বজায় রাখতে আমরা প্রশাসনের সহযোগী হবো।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস আয়োজিত ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ৫ আগস্টে আমরা দেখেছি জনগণ কী করতে পারে। জনগণের সঙ্গে অন্যায় ও জুলুম করলে অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমাদের দলের কেউ এমন কাজে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের কোনো দল হতে পারে না।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে দলীয়করণ করে অপকর্মে লিপ্ত হয়েছিল। আমরা প্রশাসনে সেই ধরনের দলীয়করণ করবো না। প্রশাসনের যেসব কর্মকর্তা অতীতে আওয়ামী লীগের সঙ্গে মিলে অপকর্মে জড়িয়েছিলেন, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানান। জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার গঠনই বিএনপির লক্ষ্য।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নদী বাংলা গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান মনির, জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস ও সাবেক ভিপি খবিরুল ইসলামসহ স্থানীয় নেতারা।

/এসআর/