শিরোনাম

মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প

সিটিজেন ডেস্ক
মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প
মোজতবা খামেনি (বামে) ও ডোনাল্ড ট্রাম্প (ডানে)। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

চলমান যুদ্ধ অবসান ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সরাসরি বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩ জুন) পড ফোর্স ওয়ানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ আগ্রহের কথা জানান। ট্রাম্প উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধের আলোচনায় খামেনি নিজে সরাসরি যুক্ত রয়েছেন এবং বর্তমানে উভয় পক্ষের মধ্যকার আলোচনা বেশ ইতিবাচক ও দ্রুত গতিতে এগিয়ে চলছে।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দুই নেতার মধ্যে গড়ে ওঠা চমৎকার বোঝাপড়ার কথা তুলে ধরেন। খামেনির প্রতি সবার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, পরিস্থিতি অনুকূলে থাকলে অদূর ভবিষ্যতে তাদের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তবে সবকিছু পরিস্থিতির অগ্রগতির ওপরই নির্ভর করছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার বিষয়ে ট্রাম্প একটি বড় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। তিনি দাবি করেন, তেহরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে সম্মতি জানিয়েছে, যা এ আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য। ভবিষ্যতে ইরান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এমন আশঙ্কা থাকলেও, ওয়াশিংটন কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না বলে সাফ জানিয়ে দেন ট্রাম্প।

একই সঙ্গে চলমান যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালির সম্ভাব্য অবরোধ নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আলোচনা খুব দ্রুত এগোচ্ছে এবং শিগগিরই ভালো কিছু ঘটতে চলেছে। হরমুজ প্রণালি দীর্ঘ মেয়াদে অবরুদ্ধ থাকার আশঙ্কা নাকচ করে দিয়ে ট্রাম্প বলেন, এ সংকটের সমাধান খুব দ্রুতই হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/