শিরোনাম

নরসিংদীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ। ছবি: সিটিজেন জার্নাল

নরসিংদীর রায়পুরা উপজেলায় দোকানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ মে) সকালে উপজেলার হাটুভাঙ্গা স্টেশনসংলগ্ন ‘ভাই ভাই স্টোর’ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি টাইলস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে বাড়ি ফেরার কথা ছিল নিহত রফিকুল ইসলামের। তবে রাত ১০টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তার স্ত্রী দোকানের দিকে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, দোকানের শাটার নামানো থাকলেও সেটি তালাবদ্ধ করা হয়নি। পরে তিনি দোকানের ভেতরে প্রবেশ করে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্তকাজ পরিচালনা করেছে। ভুক্তভোগীর গায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, আশা করছি, দ্রুত সময়ের মধ্যে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

/এফআর/