শিরোনাম

মায়ের প্রতি অবহেলায় যুগ্ম-সচিব বদলি

বিশেষ প্রতিনিধি
মায়ের প্রতি অবহেলায় যুগ্ম-সচিব বদলি
বৃদ্ধার নিবাস কক্ষ ছিল আবর্জনায় ভরা।

রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যু ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনার মধ্যেই তার ছেলে যুগ্ম-সচিব একেএম আনিসুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উন্নয়ন ও নিয়োগ অধিশাখার এক প্রজ্ঞাপনে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নির্ধারিত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

একেএম আনিসুর রহমান ছাড়াও নূর জাহান বেগমের আরোও দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একেএম আশিকুর রহমান, আরেক ছেলে কানাডা প্রবাসী একেএম আতিকুর রহমান ও মেয়ে স্কুল শিক্ষক ফাতিমা নাসরিন সুলতানা।

এর আগে, বুধবার (৩ জুন) রাজধানী মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যুগ্ম-সচিব আনিসুর রহমান এখন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল ও উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করছেন। যুগ্ম-সচিব আনিসুর রহমানকর ফোনে কাল রাতে পাওয়া যায়নি। তার সঙ্গে কথা বলে আগে নিশ্চিত হতে হবে যে বিষয়টি তার মাকে কেন্দ্র করেই কিনা।

মো. আব্দুল বারী বলেন, আমাদের দেশে একটা আইন আছে, যেখানে বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত বিধান রয়েছে। সেটি কার্যকর থাকলে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে।

এর আগে, রবিবার (৩১ মে) মিরপুরের একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের পচা-গলা ও পোকা ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

/এসবি/