শিরোনাম

মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

মনোহরদী ও বেলাবো  (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড
অবৈধভাবে মাটি কাটার দায়ে কাউসার ও হিমেলকে কারাদণ্ড দেন বিচারক মো. সজিব মিয়া। ছবি: সিটিজেন জার্নাল

নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মে) উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর শ্মশানঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রামপুর শ্মশানঘাটের পাশের কৃষিজমি ও ব্রহ্মপুত্র নদ থেকে গত কয়েকদিন ধরে ট্রাক্টরে করে মাটি কেটে নিয়ে যাচ্ছেন একটি চক্র। স্থানীয় লোকজন ও সচেতন মহল বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের বাঘবের গ্রামের কাউসার মিয়া এবং একই গ্রামের হিমেল মিয়া। অভিযানে সহায়তা করেন মনোহরদী থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সজিব মিয়া বলেন, অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

/এসআর/