শিরোনাম

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ জামালপুরে পৌঁছেছে

জামালপুর সংবাদদাতা
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ জামালপুরে পৌঁছেছে
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ জামালপুরে পৌঁছেছে। ছবি: সিটিজেন জার্নাল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে খুন হওয়া বাংলাদেশী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে এসে পৌঁছেছে। এখানে তার ২য় জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে আজ সোমবার (৪ মে) মাগরিবের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে জানিয়েছেন লিমনের চাচা সুজন আহমেদ।

সুজন আহমেদ জানান, সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার লাশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তার বাবা-মা বিমানবন্দরে লাশ গ্রহন করেন। ইতোমধ্যে লিমনের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। বাদ মাগরিব ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানাজায় অংশ নিতে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে তার আত্মীয়-স্বজনসহ অনেকেই গ্রামের বাড়িতে আসতে শুরু করেছেন। লিমনকে দেখতে স্থানীয় লোকজন গ্রামের বাড়িতে ভীড় করছেন।

গ্রামবাসী জানায়, লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ২০২৪ সালের জুলাই মাসে পিএইচডির জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন। তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডিতে অধ্যয়নরত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আরেক বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার লিমনের সাবেক রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়।

/এমআর/