সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা

চার দিনব্যাপী চলমান জেলা প্রশাসক সম্মেলনের ২য় দিনে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করারসহ সংস্কৃতি ও পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়েছে।

আজ সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত এসব বিষয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসকল তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও নিদর্শন রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে- বরিশাল জেলার পুরাতন কালেক্টরেট ভবন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে জাদুঘরে রূপান্তর এবং দিনাজপুর, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের রাজবাড়িসহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংস্কার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম বিকাশে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং নেত্রকোণা, নওগাঁ ও সাতক্ষীরা জেলায় শিল্পকলা একাডেমির ভবন ও অডিটোরিয়াম নির্মাণের বিষয়টিও অধিবেশনে গুরুত্বের সঙ্গে উঠে আসে।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংশ্লিষ্ট আলোচনায় দেশের পর্যটন অবকাঠামো উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে কিশোরগঞ্জ, বরিশাল, বরগুনা ও নেত্রকোণা জেলায় আধুনিক পর্যটন হোটেল ও মোটেল নির্মাণ, কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্ধারকারী দলের কার্যক্রম পুনরায় চালু করা এবং লালমনিরহাট জেলার দহগ্রাম ও আঙ্গরপোতাকে পর্যটন অঞ্চল হিসেবে ঘোষণা।

এছাড়া নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দেশের বিভিন্ন জেলায় পর্যটন আকর্ষণসমূহ উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

/এমআর/