শিরোনাম

পশ্চিমবঙ্গে পিছিয়ে তৃণমূলের তারকা প্রার্থীরা, এগিয়ে বিজেপি

সিটিজেন ডেস্ক
পশ্চিমবঙ্গে পিছিয়ে তৃণমূলের তারকা প্রার্থীরা, এগিয়ে বিজেপি
রুদ্রনীল ঘোষ, রাজ চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নির্বাচনে কে গড়তে যাচ্ছে সরকার—এর উত্তরে এখনো চূড়ান্ত কিছু বলা না গেলেও প্রাথমিক গণনার ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া তথ্য বলছে, বিজেপির একাধিক তারকা প্রার্থী নিজেদের আসনে এগিয়ে আছেন।

বিজেপির প্রার্থীদের মধ্যে রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় এবং রুপা গাঙ্গুলি নিজ নিজ আসনে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কয়েকজন আলোচিত প্রার্থী এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন।

শিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির রুদ্রনীল ঘোষ এগিয়ে আছেন। তিনি তৃণমূলের প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের তুলনায় ৫ হাজার ৫৯৬ ভোটে এগিয়ে রয়েছেন বলে প্রাথমিক ফলাফলে দেখা গেছে।

শ্যামপুর কেন্দ্রেও এগিয়ে রয়েছেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়। তিনি প্রতিদ্বন্দ্বী নদেবাসী জানা, শেখ মনজুর আলম এবং অসিত বরণ সাউয়ের চেয়ে ভোটে এগিয়ে আছেন।

সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির রুপা গাঙ্গুলি তৃণমূলের প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্রর চেয়ে প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

তবে সব জায়গায় পিছিয়ে নয় তৃণমূল। করিমপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ও অভিনেতা সোহম চক্রবর্তী প্রায় ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

অন্যদিকে ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী পিছিয়ে পড়েছেন। সেখানে বিজেপির কৌস্তভ বাগচী এগিয়ে রয়েছেন।

একইভাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও পিছিয়ে আছেন নিজের আসনে। প্রথম দফার গণনা শেষে তিনি প্রায় ২ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন, যেখানে বিজেপির সজল ঘোষ এগিয়ে আছেন।

সার্বিকভাবে প্রাথমিক ফলাফলে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপির প্রার্থীদের এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও চূড়ান্ত ফলাফলের জন্য শেষ গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমআর/