শিরোনাম

গাইবান্ধায় কাটা গাছের নিচে পাতা দিয়ে ঢাকা ছিল ২ বোনের মরদেহ

গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধায় কাটা গাছের নিচে পাতা দিয়ে ঢাকা ছিল ২ বোনের মরদেহ
কাটা গাছের নিচে চাপা পড়ে মারা যায় দুই বোন। ছবি: সিটিজেন জার্নাল

গাইবান্ধা সদরে একটি চাগুয়ার গাছ কাটার সময় ভয়াবহ দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকেই গাছ মালিক মতিয়ার রহমান ও তার সহযোগী মধু মিয়া ও সাত্তার মিয়াসহ অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান।

এর আগে সন্ধ্যার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খামার রঘুনাথপুর (আব্বাসের মোড়) গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতদের স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। গাছের ডালপালা ও পাতা দিয়ে মরদেহ দুটি ঢেকে রাখা হয়। সন্ধ্যার পর শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গাছের নিচে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত দুই বোন হলেন- ফিয়া মনি (১১) ও খান্নাতি খাতুন (দেড় বছর)। তারা ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। ফিয়া মনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, খামার রঘুনাথপুর গ্রামের মতিয়ার মিয়ার বাড়ির সীমানা সংলগ্ন বিভিন্ন গাছের মধ্যে একটি বড় ও পুরনো চাগুয়ার গাছ ছিল। বৃহস্পতিবার বিকাল থেকে গাছ মালিক মতিয়ার রহমান, মধু মিয়া ও সাত্তার মিয়াসহ ৩ থেকে ৪ জন মিলে গাছটি কাটতে শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার সময় কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ছিলো না। গাছ কোন দিকে পড়বে তা নির্ধারণ করা হয়নি, গাছে কোনো রশি বাঁধা ছিল না এবং প্রয়োজনীয় সতর্কতাও অবলম্বন করা হয়নি। সন্ধ্যার দিকে প্রায় ৪০ ফুট উচ্চতার গাছের গোড়া কাটতেই দক্ষিণ দিকে ভেঙে পড়ে। এতে বাড়ির সীমানা ঘেরা টিনের বেড়া ভেঙে গাছটি পাশের ফসলি জমির ওপর আছড়ে পড়ে। ওই স্থানটি চলাচলের রাস্তা ও ফাঁকা জমি হওয়ায় সেখানে অবস্থান করছিল দুই শিশু। মুহূর্তের মধ্যেই তারা গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।

তারা অভিযোগ করেন, দুর্ঘটনার পর গাছ কাটায় জড়িতরা শিশুদের ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় টিনের বেড়া ও ডালপালা কেটে রক্তাক্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা শোকাচ্ছন্ন হয়ে ওঠে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'গাছের চাপায় ১১ বছর ও দেড় বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

/এসআর/