শিরোনাম

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির লোগো।

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকে আমানত উত্তোলনের চাপ বেড়ে যাওয়ায় তীব্র তারল্য সংকট তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করেছিল ইসলামী ব্যাংক। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের মনোনীত স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন চেয়ারম্যান নিয়োগের পর থেকেই ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক তার অপসারণের দাবিতে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন। এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও।

টানা কয়েক দিনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে অনেক আমানতকারী নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যাংক থেকে অর্থ তুলে নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আন্দোলনকারীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল, ব্যাংকের পরিচালনা পর্ষদে লুটপাটের সঙ্গে জড়িত কাউকে স্থান না দেওয়া, ব্যাংক রেজোল্যুশন অ্যাক্টের ১৮(ক) ধারা বাতিল, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সম্পদ বিক্রির মাধ্যমে আত্মসাৎ হওয়া অর্থ পুনরুদ্ধার এবং ব্যাংক খাতের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ।

ইসলামী ব্যাংকের সাম্প্রতিক সংকটের পেছনে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০১৭ সালে শেয়ারবাজার থেকে বিভিন্ন উপায়ে শেয়ার কিনে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটি ওই গোষ্ঠীর নিয়ন্ত্রণমুক্ত হয়। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ব্যাংকটির পরিচালনায় যুক্ত রয়েছেন।

বর্তমানে ইসলামী ব্যাংকের মোট ঋণের প্রায় অর্ধেকই খেলাপি হিসেবে চিহ্নিত। দীর্ঘদিনের ঋণ অনিয়ম ও আর্থিক দুর্বলতার কারণে ব্যাংকটি চাপে রয়েছে। গ্রাহকদের নগদ অর্থের চাহিদা পূরণ এবং তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগেও আর্থিক চাপ মোকাবিলায় বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সহায়তা ও নীতিগত সুবিধা পেয়েছিল ইসলামী ব্যাংক। এবারও ব্যাংকটির আবেদনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কী সিদ্ধান্ত নেয়, সে দিকেই নজর রয়েছে ব্যাংক খাত সংশ্লিষ্টদের।

/এসবি/