শিরোনাম

পতাকা টাঙাতে গিয়ে গাছে উঠে অচেতন পর্তুগাল সমর্থক

গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা সংবাদদাতা
পতাকা টাঙাতে গিয়ে গাছে উঠে অচেতন পর্তুগাল সমর্থক
গাছ থেকে নামানোর পর যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রিয় দলের পতাকা টাঙাতে একটি বড় কদম গাছে উঠতে গিয়ে অচেতন হয়ে পড়েন শামীম নামের এক পর্তুগালের সমর্থক। পরে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (১৩ জুন) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পৌর শহরের বৈরী হরিনমারী গ্রামে এ ঘটনা ঘটে। শামীম ওই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শনিবার দুপুরে পর্তুগালের পতাকা হাতে গ্রামের একটি বড় কদম গাছে উঠে পড়েন শামীম। গাছে উঠে পতাকা টাঙানোর চেষ্টার একপর্যায়ে হঠাৎ জ্ঞান হারান তিনি এবং ভারসাম্য হারিয়ে গাছের ডালে আটকে পড়েন। নিচে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ঘাবড়ে যান। তাৎক্ষণিকভাবে একজন স্থানীয় যুবক গাছে উঠে শামীমকে ধরে রাখেন, যাতে তিনি নিচে পড়ে না যান। একইসঙ্গে বাকিরা দ্রুত পলাশবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পলাশবাড়ি ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দলটি দক্ষতার সঙ্গে গাছে উঠে শামীমকে নিরাপদে নিচে নামিয়ে আনে। এরপর ঘটনাস্থলেই তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পলাশবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ লোকমান হাকিম বলেন, যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গাছে ওঠার পর মাথা ঘুরে এমন হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ আছেন।

/এসআর/