শিরোনাম

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদুর রহমান

ভারতের রাজধানী দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির অভিযোগ উঠেছে। বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা এবং অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর তিনি দিল্লিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

সরকারের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ডা. জাহেদ উর রহমানকে প্রয়োজনের তুলনায় দীর্ঘ সময় আটকে রাখা হয়। এ সময় দায়িত্বরত কর্মকর্তাদের আচরণও ছিল অমার্জিত ও অসৌজন্যমূলক, যা তার জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ তার পরিচয় ও অবস্থান সম্পর্কে নিশ্চিত না হওয়ায় জটিলতার সৃষ্টি হয়। পরে বিষয়টি স্পষ্ট হলে এবং তার পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।

তবে ঘটনার পরিপ্রেক্ষিতে ডা. জাহেদ উর রহমান গভীর অসন্তোষ প্রকাশ করেন। তিনি মনে করেন, একজন রাষ্ট্রীয় দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে এমন আচরণ তার মর্যাদা ও আত্মসম্মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে অনুমতি পাওয়ার পরও তিনি দিল্লিতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ডা. জাহেদ উর রহমান বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পর তিনি নির্ধারিত কর্মসূচিতে অংশ না নিয়ে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিল্লিতে অবস্থান না করে তিনি ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঘটনাটি নিয়ে কূটনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।

/এমআর/