শিরোনাম

মোহাম্মদপুরে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
মোহাম্মদপুরে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মরদেহের সঙ্গে পাওয়া আইডি কার্ড।

রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার (১৪ জুন) ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শিক্ষার্থীর নাম দ্বীপ মজুমদার। তিনি জাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন।

প্রাথমিকভাবে মরদেহটি শনাক্ত করার সূত্র পান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আন্নী আক্তার। তিনি জানান, তার ফুফাতো ভাই বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখেন। পরে মরদেহের কাছে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয়পত্র দেখতে পেয়ে সেটির ছবি তুলে তাকে পাঠান। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি পরিচয়পত্রের ছবিসহ তথ্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি ফেসবুক গ্রুপে শেয়ার করেন।

জাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম জানান, দ্বীপ মজুমদার তার সহপাঠী ছিলেন।

তিনি বলেন, পারিবারিক একটি বিষয় নিয়ে অভিমান করে দুই দিন আগে বাসা থেকে বের হয়ে যান দ্বীপ। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। নিখোঁজ হওয়ার পরদিন তার মা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) মাহফুজুর রহমান বলেন, বুড়িগঙ্গা নদী থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সঙ্গে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের শিক্ষার্থী দ্বীপ মজুমদার। পরিচয় নিশ্চিত করতে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

/এফআর/