শিরোনাম

সংসদে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করতে চাই: হাসনাত আব্দুল্লাহ

সিটিজেন ডেস্ক
সংসদে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করতে চাই: হাসনাত আব্দুল্লাহ
ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে সরকারের সমালোচনা করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সভাপতিত্বে আয়োজিত অধিবেশনে অংশ নিয়ে তিনি বাকস্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অস্থিতিশীল পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা সংসদে দাঁড়িয়ে সংসদ নেতার বিরোধিতা করতে চাই, সরকারের সমালোচনা করতে চাই। আমাদের সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

বক্তব্যের শুরুতেই ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, কেবল মত প্রকাশের কারণে এ পর্যন্ত নয়জনকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে আনা হয়েছে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর চলমান পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি মন্তব্য করেন, শিক্ষাঙ্গনগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করা হচ্ছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, আমরা এমন এক বাংলাদেশে ফিরতে চাই না, যেখানে দমনের রাজনীতি চলবে।

কাউকে রাজনৈতিকভাবে নির্মূল করার সংস্কৃতির ঘোর বিরোধিতা করে এই সংসদ সদস্য বলেন, নির্মূল বা দমনের রাজনীতি করে শেষ পর্যন্ত কেউ লাভবান হতে পারে না। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি সুস্থ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি পুনরায় উল্লেখ করেন যে, দমন-পীড়নের সেই পুরোনো বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

/এমএকে/