শিরোনাম

নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ছবি: সিটিজেন জার্নাল

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক নিয়োগ ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, নিয়োগ ও পদায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে তারা রাজপথ ছাড়বেন না।

শিক্ষকরা জানান, সাত সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার সচিবালয়ে গিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে দেখা করেন। সেখানে প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাতের মধ্যে এক প্রেস রিলিজের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত জানানো হবে।

তবে আন্দোলনকারীরা বলছেন, শুধু আশ্বাসে তারা সন্তুষ্ট নন। দ্রুত নিয়োগ ও পদায়নের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে অপেক্ষার পর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও তারা এখনও নিয়োগ পাননি। এতে তাদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত এই জটিলতার সমাধান চান তারা।

/এসএ/