শিরোনাম

ব্যক্তিগত গাড়ির জন্যও লাগবে ‘ফুয়েল পাস’

নিজস্ব প্রতিবেদক
ব্যক্তিগত গাড়ির জন্যও লাগবে ‘ফুয়েল পাস’
রাজধানীর একটি পেট্রোল পাম্প। ছবি: সিটিজেন জার্নাল

জ্বালানি বিতরণের ডিজিটাল ব্যবস্থা ‘ফুয়েল পাস’ অ্যাপের পরিধি বাড়ানো হয়েছে। মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেওয়া হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, রবিবার (২৬ এপ্রিল) থেকে প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের ব্যক্তিগত গাড়ি ফুয়েল পাসে নিবন্ধনের সুযোগ পাচ্ছে। পর্যায়ক্রমে অন্য সিরিজের ব্যক্তিগত গাড়িও নিবন্ধনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্টদের ‘ফুয়েল পাস’ অ্যাপ ডাউনলোড করে অথবা নির্ধারিত ওয়েবসাইট থেকে সরাসরি নিবন্ধনের অনুরোধ জানিয়েছে জ্বালানি বিভাগ।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ‘প্লে স্টোর’ থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। আইফোন বা আইওএস ব্যবহারকারীদের ওয়েবসাইট থেকে ফুয়েল পাসের জন্য নিবন্ধন করতে বলা হয়েছে।

জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনা, নজরদারি বাড়ানো এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করে সরকার। প্রথম ধাপে ‘হ’ ও ‘ল’ সিরিজের মোটরসাইকেলকে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। তখন শুধু রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন ও আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়।

বর্তমানে ঢাকার বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে ‘ফুয়েল পাস’ ব্যবস্থায় জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

/এফসি/