শিরোনাম

যুক্তরাষ্ট্রে নয় মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায় ইরান

সিটিজেন স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রে নয় মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায় ইরান
ইরান ফুটবল দল। ছবি: সংগৃহীত

খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে আসন্ন বিশ্বকাপে নিজেদের ম‍্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নিতে ফিফার সঙ্গে আলোচনা করছে ইরান। ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরান আছে ‘জি’ গ্রুপে। তাদের সব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের মাটিতে।

ইসরায়েলের সঙ্গে মিলে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে বিমান হামলা শুরু করে। এরপর থেকে ইরানও পাল্টা হামলা করছে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাটিগুলোতে। তাতে বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সংশয় জাগে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেন, বিশ্বকাপে ইরানকে স্বাগত জানাবের তারা। তবে ‘নিজেদের জীবন ও নিরাপত্তার জন‍্য’ তাদের যুক্তরাষ্ট্রে খেলা ঠিক হবে না। এরপর ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ বলেন, ‘ট্রাম্প নিজেই যখন বলছেন তিনি ইরানের ফুটবলারদের নিরাপত্তা দিতে পারবেন না, আমাদের উচিত হবে না আমেরিকা যাওয়া। আমরা ফিফার সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছি যে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে দেওয়া যায় কিনা।’

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব‍্যের অনুরোধে সাড়া দেয়নি।

গত বছর এশিয়ান বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের গ্রুপে সেরা হয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করে ইরান।

আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ‘জি’ গ্রুপে এশিয়ার দেশটির সঙ্গী বেলজিয়াম, মিসর ও নিউজিল‍্যান্ড।

ইরানের ম‍্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়া লজিস্টিকসের দিক থেকে টুর্নামেন্টের জন‍্য বড় একটা চ‍্যালেঞ্জ হবে। তবে ভূ-রাজনৈতিক কারণে ম‍্যাচের ভেন‍্যু সরিয়ে নেওয়া অপ্রচলিত কিছু নয়।

/টিই/