শিরোনাম

পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক
পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রেস উইং
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

আগামী পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এর আগে সোমবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে কৃষক কার্ড হস্তান্তরের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন। কৃষকদের তথ্যপ্রযুক্তি ও সরকারি সহায়তার আওতায় আনতে এ কার্ড চালু করা হচ্ছে।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, দেশের প্রান্তিক মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড প্রজেক্ট ইতোমধ্যেই চালু হয়েছে। ভোটের কালির দাগ মুছার আগেই প্রধানমন্ত্রী তার নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছেন। বড় বড় কথার রাজনীতি থেকে বের হয়ে এসে তিনি প্রমাণ করেছেন যে, বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, তা বাস্তবায়নও করে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের মাসিক সম্মানী গত পরশুদিন থেকে প্রদান শুরু হয়েছে। দেশব্যাপী প্রধানমন্ত্রী নিজ হাতে এই সম্মানী হস্তান্তর কার্যক্রমের সূচনা করেছেন।

তিনি দাবি করেন, বিএনপির নির্বাচনি ইশতেহার এখন আর কোনো নির্দিষ্ট দলের নয়, বরং এটি একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। জনগণের কল্যাণে নিবেদিত এই কর্মসূচির কারণেই দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে।

/জেএইচ/