শিরোনাম

বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি
ছবি: সংগৃহীত

বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপাার (সদর সার্কেল) মো. শামীম হোসেন মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, আইজিপির বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় চারতলার একটি বাড়ি রয়েছে। সোমবার রাতে সেই বাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরি করে নিয়ে গেছে চোর। এরপর বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগ বাড়ির বিদ্যুৎ সংযোগটি পুনস্থাপন করে দেয়। জেলা পুলিশের কর্মকর্তারা আইজিপির বাড়ি পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, আইজিপির বাড়িটি এখন ভাড়া দেওয়া। আইজিপি বা পরিবারের সদস্যরা এলে দোতলার একটি ইউনিটে বসবাস করেন। চোর শনাক্ত করতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে বাগেরহাট শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝড়ো বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সুযোগে চোরচক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায় চোরেরা। চুরি হওয়া এসব তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারা এ চুরির সঙ্গে জড়িত, তা উদঘাটনে আমাদের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

/এসআর/