শিরোনাম

ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার আহ্বান

সিটিজেন ডেস্ক
ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার আহ্বান
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)। ছবি: সংগৃহীত

ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং ক্ষমতাসীন দল বিজেপির মূল সংগঠন হিসেবে পরিচিত উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে ধর্ম পালনের স্বাধীনতা ক্ষুণ্ণ করার অভিযোগ তুলেছে মার্কিন কেন্দ্রীয় সরকারের একটি কমিশন।

পাশাপাশি, ওই অভিযোগের কারণে সংগঠন দুটির বিরুদ্ধে বিধিনিষেধ আরোপেরও আহ্বান জানিয়েছে কমিশনটি।

চলতি মার্চ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা (ইউএসসিআইআরএফ) কমিশনের বার্ষিক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়। একইসঙ্গে ভারতকে ‘উদ্বেগজনক দেশ’ (সিপিসি) হিসেবে আখ্যা দেওয়ারও সুপারিশ করা হয়েছে।

ইউএসসিআইআরএফের প্রতিবেদনে বলা হয়, ‘র’ ও আরএসএস ‘বড় আকারে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার ক্ষুণ্ণ করা ও এ ধরনের পরিবেশ-পরিস্থিতি মেনে নেওয়ার জন্য’ দায়ী।

এই দুই সংগঠন এবং এগুলোর সঙ্গে জড়িতদের সম্পদ জব্দ করা ও যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার নিষিদ্ধের আহ্বান জানিয়েছে কমিশন।

ভারত বিষয়টিকে ‘উদ্দেশ্য প্রণোদিত ও পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে এসব অভিযোগ নাকচ করেছে। সোমবার (১৬ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জয়সওয়াল এক বার্তায় বলেন, ‘ইউএসসিআইআরএফের সর্বশেষ প্রতিবেদনটি আমলে নেওয়া হয়েছে। সুনির্দিষ্টভাবে ভারতের বিরুদ্ধে দেওয়া এই উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রত্যাখ্যান করছি।

প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে ভারতে ধর্ম পালনের স্বাধীনতা আগের তুলনায় আরও কমে যায়। দেশটির সরকার সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় ও তাদের উপাসনালয়গুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে নতুন আইন চালু করে।

এতে আরও বলা হয়, ‘বেশ কয়েকটি রাজ্যে ধর্মান্তর-বিরোধী আইন চালু অথবা বিদ্যমান আইনকে আরও কঠোর করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ ধর্মীয় শরণার্থীদের গণহারে ধরপাকড় ও অবৈধভাবে বহিষ্কার করেছে এবং সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে ‘উচ্ছৃঙ্খল ব্যক্তিদের’ হামলার ঘটনায় নির্বিকার থেকেছে।

প্রতিবেদনে ‘ধর্মপালনের স্বাধীনতা’ সূচকে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের নিরাপত্তা সহায়তা ও দ্বিপাক্ষিক বাণিজ্যের মাত্রাকে সম্পৃক্ত করার দাবি জানানো হয়েছে।

বাউল সম্রাট মহারাজ আবুল সরকারকে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
বাউল সম্রাট মহারাজ আবুল সরকারকে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নিয়ে উদ্বেগ

ইউএসসিআরএফের প্রতিবেদনে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার, উপাসনালয়ে হামলা, সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের সার্বিক মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়, যেখানে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার’ অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার বা নির্যাতন করা হয়েছে।

গত বছর ফেব্রুয়ারিতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কবি সোহেল হাসান গালিবকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে। এর পরের মাসে সনাতন ধর্মাবলম্বী আরেকজনকে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

গত বছর অক্টোবরে পবিত্র কুরআন অবমাননার দায়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। সামাজিক মাধ্যমের এক ভিডিওতে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়ও। ভিডিওটি ভাইরাল হলে ‘উচ্ছৃঙ্খল ব্যক্তিরা’ তার বাড়ি ঘিরে রাখে।

গত নভেম্বরে পুলিশ ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এক বাউলকে গানের আসর থেকে গ্রেপ্তার করে।

গত ডিসেম্বরে এক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি ‘উচ্ছৃঙ্খল ব্যক্তিদের’ হাতে নিগৃহীত হন। তার বিরুদ্ধে ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার গুজব ছড়িয়ে পড়লে উচ্ছৃঙ্খল মানুষ তাকে গাছে বেঁধে আগুন ধরিয়ে দেয়।

প্রতিবেদনে ধর্মীয় সংগঠনে হামলা চালানোর কথাও উল্লেখ করা হয়। এতে বলা হয়, গত নভেম্বরে ঢাকার দুই ক্যাথলিক গির্জা ও একটি ক্যাথলিক স্কুলে ককটেল হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

/এফসি/