শিরোনাম

আলোচনার চেয়ে ইরানের সার্বভৌমত্ব রক্ষা গুরুত্বপূর্ণ: ইসমাইল বাঘাই

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আলোচনার চেয়ে ইরানের সার্বভৌমত্ব রক্ষা গুরুত্বপূর্ণ: ইসমাইল বাঘাই
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বার্তা আদান-প্রদান চালু থাকলেও বর্তমানে আলোচনার কোনো অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছে ইরান। সম্প্রতি অস্ট্রিয়ার ওআরএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা বলেন। ওয়াশিংটন সামরিক পদক্ষেপের মাধ্যমে আলোচনার সুযোগ নষ্ট করেছে বলে অভিযোগ করেন তিনি। এ মুখপাত্র জানান, এই মুহূর্তে আলোচনায় অংশ নেওয়ার চেয়ে নিজেদের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও জনগণের নিরাপত্তাই তেহরানের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

ইসমাইল বাঘাই স্পষ্ট বলেন, যুক্তরাষ্ট্র একের পর এক হামলা চালিয়ে ইরানের বিরুদ্ধে একটি ‘অবৈধ যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে। এটি আন্তর্জাতিক প্রতিশ্রুতি পালনে তাদের ব্যর্থতারই প্রকাশ। হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ইরান সব সময়ই আন্তর্জাতিক নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। তবে এই কৌশলগত জলপথকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে কোনো পক্ষকে ব্যবহার করতে দেবে না তেহরান। এ অঞ্চলে চলমান উত্তেজনা ও অস্থিরতার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই সরাসরি দায়ী করেন।

২০১৫ সালের পারমাণবিক চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলোও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। ফলে ইরানের কাছে তারা নৈতিক ও কূটনৈতিকভাবে বড় ঋণী।

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধাবস্থা চরম আকার ধারণ করেছে। মার্কিন হামলার জবাবে বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। মূলত হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আক্রমণ ও নৌচলাচলের নিয়ম নিয়ে বিরোধের জেরে ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে সমঝোতা স্মারক বাতিল ঘোষণা করেন।

ওয়াশিংটন হরমুজ প্রণালিতে অবাধ যাতায়াতের দাবি জানাচ্ছে, ইরান সেখানে নিজেদের উপকূলীয় প্রণালী দিয়ে নিজস্ব নৌ-ব্যবস্থার অধীনে জাহাজ চলাচলের নিয়ম চালুর পক্ষে। তবে টানা দুই সপ্তাহ ধরে আক্রমণের পর প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীকে ইরানে নতুন করে আর কোনো হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/